প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৭ এর বিচারক মো. নিজাম উদ্দিন এ আদেশ দেন।
এর আগে বিকেলে আদালতে তোলা হয় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে।
মঙ্গলবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৯১টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩ টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৮৩টি সাজা পরোয়ানা এবং ১৮০টি সিআর পরোয়ানা রয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৩০টি সাজার এবং ৯৮টি সিআর পরোয়ানা।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে ও রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।