ঢাকায় ছিনতাইকারীর গুলিতে এক মুদি দোকানি আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই মুদি দোকানি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বরের ই- ব্লকের পাঁচ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন দীপু (৪৬)। তিনি ওই এলাকার বাসিন্দা।
তার স্ত্রী আফরোজা জানান, ভোরে দীপুর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন জন মুখোশধারী ছিনতাইকারী তার বাম পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে তাকে ঢামেকে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত ব্যাবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।