ছয় মাস ধরেই গুজব ছিলো, কিন্তু ভোট হচ্ছে চমৎকার: ডিএমপি কমিশনার

গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি বলেন, আজ আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোট দেওয়া শেষে নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনেও আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। গেট পার হয়ে ভেতরে যাওয়ার পর আমাকে বলা হলো—আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ওই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম।

দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

নির্বাচন নিয়ে অতীতে ছড়ানো গুজবের বিষয়ে কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে।

তিনি আরও জানান, সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মনোভাব নিয়ে তিনি বলেন, টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন যে, দিনভর এভাবেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। রাজধানীর প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সতর্ক অবস্থানে আছে বলেও তিনি জানান।