শুধু আক্ষেপ নয়, তরুণদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে: নজরুল ইসলাম খান

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, যুব সম্প্রদায়ের মধ্যে যে আক্ষেপ তৈরি হয়েছে তা সবাই মিলে দূর করতে হবে। শুধু আক্ষেপ করে বসে থাকলে চলবে না, দেশের কল্যাণে এবং নিজেদের স্বপ্ন পূরণে তরুণদের কাজে নামতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নজরুল ইসলাম খান বলেন, এযাবৎকালের সব আন্দোলনই ছিলো গণতন্ত্রের জন্য। মানুষ অনেক দিন ভোট দিতে পারেনি। অবশেষে গত ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা কখনো কখনো অনেক ভালো কিছু চাই, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই যা সম্ভব তা অর্জন করতে হবে এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

দেশের বিশাল জনসংখ্যাকে অভিশাপ না ভেবে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখলেই দেশ এক দিনে এগিয়ে যাবে না, তবে তা সম্ভব। আমাদের জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে পারি, তবে আমাদের চেয়ে ধনী দেশ আর কেউ হবে না। তাই তরুণদের কাজে লাগাতে হবে। আক্ষেপ নয়, স্বপ্ন পূরণে কাজ করতে হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান নাজুক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয়করণের কারণে অভাবনীয় পরিমাণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসাবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে সবার সহযোগিতা একান্ত কাম্য।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিক ও আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।