ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) এই মাদক উদ্ধারের পর ওই যাত্রীকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এদিন ঢাকা থেকে সৌদি আরবগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বোর্ডিং ব্রিজ সি-২ এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্ক্রিনাররা তার লাগেজে সন্দেহজনক কিছু শনাক্ত করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এভসেক কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিমানবন্দরে দায়িত্বরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট চার হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
মাদক উদ্ধারের পর ওই যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে আটক করা হয়। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, দায়িত্ব পালনরত স্ক্রিনার ও এভসেক সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে এই মাদক পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের নিখুঁত স্ক্রিনিংয়ের ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা আরও একবার প্রমাণিত হলো।