খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিবকে হত্যা, গ্রেপ্তার পাঁচ

রাজধানীর শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এবং নারীঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

পুলিশ জানায়, কুখ্যাত ‘বি কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলো। ঘটনার তিন-চার দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় আসে। তারা হোটেল সোনারগাঁওসহ রাজধানীর কয়েকটি হোটেলে বসে দীর্ঘ সময় ধরে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে। এরপর নিবিড়ভাবে রাকিবের গতিবিধি অনুসরণ করা হয়।

অভিযানে কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া শিহাব, রাফিন, জয় এবং সাগর ফকিরকে গ্রেপ্তার করার পর মূল রহস্য বেরিয়ে আসে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সালাউদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম জানান, নিহত টিকটকার রাকিব সাফা নামের এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করেছিলেন। এ ছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার জান্নাত মুনের সঙ্গেও রাকিবের অনৈতিক সম্পর্ক ছিলো বলে পুলিশ দাবি করেছে। এই ক্ষোভ থেকেই সাজিদ ঢাকা ও খুলনার অপরাধীদের সমন্বয় করে রাকিবকে হত্যার পরিকল্পনা সাজায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে বর্তমানে অভিযান চলমান রয়েছে।