ঈদের আমেজ কাটেনি মিরপুরে, চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হলেও কাটেনি উৎসবের রেশ। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) আজ মঙ্গলবারও (২৪ মার্চ) দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এসেছেন বিনোদনপ্রেমীরা।

সরেজমিনে দেখা যায়, শিশুদের প্রধান আকর্ষণ ছিলো খাঁচাবন্দি বাঘ, সিংহ ও হরিণসহ নানা প্রজাতির প্রাণী। অনেক শিশুকে পছন্দের প্রাণী দেখতে খাঁচার রেলিংয়ে ঝুলে থাকতেও দেখা গেছে। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকের মধ্যেই ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ চিড়িয়াখানার অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন।

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ছোট খাঁচায় বন্দি থাকায় বন্য প্রাণীরা তাদের স্বাভাবিক বৈচিত্র্য ও আচরণ হারিয়ে ফেলছে।

চিড়িয়াখানার কিউরেটর জানান, প্রাণীদের জন্য আরও উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

চিড়িয়াখানার পাশেই অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানেও ছিলো দর্শনার্থীদের ভিড়। ৮ হাজার প্রজাতির গাছ আর পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ দর্শনার্থীরা। বিশেষ করে কৃত্রিম ১১টি লেকের পাড়ে বসে সময় কাটাতে দেখা গেছে অনেককে।

উদ্যানে আসা দর্শনার্থীদের প্রত্যাশা, শিশুদের বাড়তি বিনোদনের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থা রাখা প্রয়োজন।

এ বিষয়ে উপ-বন সংরক্ষক বলেন, ইট-কংক্রিট বা ইলেকট্রনিক ডিভাইস প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে। তাই কোনো মাস্টার প্ল্যান করা হলেও তা করা হবে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের অনুকূলে।