ঢাকায় সিএনজিঅটোর ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে মধ্য বাড্ডা এলাকায় ইউলুপ ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে মধ্য বাড্ডা ইউলুপ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পথচারী বাদশা নামে এক ব্যক্তি একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী বাদশা জানান, তিনি ইউলুপ ব্রিজের পাশের একটি দোকানের কর্মচারী। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। লোকজন চেঁচামেচি শুরু করলে এগিয়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি পড়ে আছে আর এক যুবক রাস্তায় ছটফট করছেন। অন্য একজনকে উপস্থিত লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আমি এই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বাড্ডা থানাকে জানানো হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।