সংবাদপত্রের মতো টিভিতেও প্রেসনোট ও বিজ্ঞাপন প্রচারে ফি দেওয়ার প্রস্তাব

জনস্বার্থে প্রচারিত সরকারি প্রেসনোট ও বিজ্ঞাপনের জন্য সংবাদপত্রের মতো টেলিভিশন চ্যানেলগুলোকেও নির্দিষ্ট হারে ফি বা মূল্য দেওয়ার প্রস্তাব করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। 

সোমবার (৩০ মার্চ) সকালে সচিবালয়ে তথ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়।

সভায় জানানো হয়, দেশের যেকোনো জরুরি প্রয়োজনে বা জনস্বার্থে সচেতনতামূলক বিজ্ঞাপন ও প্রেসনোট সরকারি নির্দেশে বেসরকারি টেলিভিশনগুলো প্রচার করে থাকে। এতোদিন এগুলো বিনামূল্যে প্রচার করা হলেও এখন থেকে এর একটি নির্দিষ্ট মূল্যমান নির্ধারণের দাবি জানিয়েছেন চ্যানেলগুলোর নীতিনির্ধারকেরা।

বৈঠকে একাত্তর টেলিভিশনের সিওও এবং হেড অব নিউজ শফিক আহমেদ বলেন, একাত্তর আপনাদের (সরকারের) সবকিছু প্রচার করছে, করবে। কিন্তু এটি বিনামূল্যে নয়। এর একটি নির্দিষ্ট মূল্যমান থাকতে হবে। মন্ত্রণালয় সেই মূল্য নির্ধারণ করবে, তবে এটি যেন বিনামূল্যে সম্প্রচারের জন্য না হয়। কারণ, প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে মাস শেষে আমরা ভয়াবহ সঙ্কটের মধ্যে পড়ি।

জবাবে তথ্য সচিব মাহবুবা ফারজানা জানান, এ বিষয়ে প্রয়োজনে একটি কমিটি গঠন করা করা যেতে পারে। তিনি বলেন, যেহেতু আমরা সমঝোতার ভিত্তিতে চলি, তাই আপনাদের বিবেচনা করতে হবে যে এটি কতোটা কম মূল্যে করা যায়।

সরকারি বিজ্ঞাপনের আর্থিক মূল্য নির্ধারণের লক্ষ্যে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠনের বিষয়েও সভায় আলোচনা হয়। এছাড়া বৈঠকে বিটিভিকে আধুনিকায়নের প্রস্তাব দেন উপস্থিত প্রতিনিধিরা।