শাহজালালে ৪৩ ভরি স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার এক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগমনী ক্যানোপি-২ এলাকায় পুলিশের উপস্থিতি দেখে মফিদুল পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএন সদস্যরা তাকে হাতে-নাতে ধরে ফেলেন।

মফিদুল ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইটে (SV808) সকালে ঢাকায় অবতরণ করেছিলেন। তার বাড়ি খুলনা জেলার লবণচরা এলাকায়।

আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ২১ ক্যারেটের ৪৯৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮৪ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে ৯ হাজার মার্কিন ডলার, সাড়ে ৮ হাজার সৌদি রিয়ালসহ মিশরীয় পাউন্ড, রোমানিয়ান লিউ এবং নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করেন। বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয়েছিল।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন বরাবরের মতোই সক্রিয়। স্বর্ণ ও মাদকের অপতৎপরতা বন্ধে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।