যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, দাফন বিকেলে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। এ সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। 

পরিবারকে সমবেদনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে বৃষ্টির মরদেহ পৌঁছানোর খবরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে শোকের মাতম চলছে। মেধাবী এই শিক্ষার্থীকে শেষবারের মতো একনজর দেখতে সকাল থেকেই পৈতৃক বাড়িতে ভিড় জমাচ্ছেন স্বজন ও এলাকাবাসী। বাড়ির এক কোণে চলছে কবর খোঁড়ার কাজ। বিকেলে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হবে।

নিহত বৃষ্টির চাচা হেদায়েত আকন বলেন, ও বাড়িতে আসলে সবাইকে পড়াশোনার উপদেশ দিতো। আমরা শুধু আমাদের মেয়েকে হারাইনি, হারিয়েছি পুরো এলাকার একটি আলো। 

বৃষ্টির চাচাতো ভাই ওবায়দুল আকন জানায়, আপুর দেখানো পথেই সে ক্লাসের ফার্স্ট বয় হয়েছে, এখন তাকে উপদেশ দেওয়ার মতো আর কেউ রইলো না।

নাহিদা সুলতানা বৃষ্টির স্বপ্ন ছিলো ডক্টরেট ডিগ্রি অর্জনের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে তিনি বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন। তবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পাওয়ায় ২০২৫ সালের ২৫ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। এর আগে চার মে লিমনের মরদেহ দেশে আনা হয়েছিলো।

লিমন ও বৃষ্টিকে তাদের মেধার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। পরিবার জানায়, শনিবার আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে।