রাজধানীর কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

সংস্থাটি জানায়, এদিন সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরপরই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে সাহায্যের জন্য মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। 

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে আরও তিনটি অর্থাৎ বর্তমানে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কার্যক্রম চলছিল।