রামিসা হত্যা: নজিরবিহীন গতিতে বিচার, হতে পারে রায়ের তারিখ ঘোষণা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এদিন দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত হবে। এরপর ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

দুপুরে মামলার শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে তার যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বক্তব্য রাখছেন। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমূল্যাহ তার মক্কেলদের পক্ষে যুক্তি তুলে ধরবেন।

এর আগে বুধবার (৩ জুন) এই মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন প্রক্রিয়া শেষ হয়। আত্মপক্ষ শুনানিতে মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে। একই সঙ্গে সে নিজের শাস্তির পাশাপাশি ‘ডলার’ নামের আরেক ব্যক্তির নাম উল্লেখ করে তারও শাস্তি দাবি করে। তবে মামলার অপর আসামি এবং সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

শিশু রামিসা হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া নজিরবিহীন দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। গত সোমবার (১ জুন) দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এর পরদিন মঙ্গলবার (২ জুন) মাত্র একদিনেই রামিসার বাবা, মা ও বোনসহ মামলার মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন করেন আদালত। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে আজ চতুর্থ দিনে মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজই রায় ঘোষণার দিন ঠিক হতে পারে। এর মাধ্যমে দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে পারে।