সংসদ প্রাণবন্ত, গণতন্ত্র শক্তিশালী হয়েছে: ইউএনডিপি প্রতিনিধি

বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অংশীদারিত্বের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষে একসঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বিশেষত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব টেকসই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এই কূটনৈতিক সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক।