নগরজীবনের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও দ্রুত করতে রিটেইল বা খুচরা ব্যবসায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি শনিবার (১৩ জুন) একযোগে ঢাকার মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর ৯টি স্টেশন এবং গুলশান-১-এ ‘ফ্রেশ সুপার মার্ট’-এর আউটলেট উদ্বোধন করেছে।
সম্প্রতি গুলশান-১-এর ৩৪ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে অবস্থিত ফ্ল্যাগশিপ আউটলেটটি উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন এমজিআই-এর ডাইরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এমজিআইয়ের মিডিয়া রিলেশনসের সিনিয়র ম্যানেজার হুমায়ুন আহমদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের মূল আউটলেটের পাশাপাশি মেট্রোরেলের মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট এবং উত্তরা নর্থ ডি গেট স্টেশনে ফ্রেশ সুপার মার্টের নতুন শাখা চালু করা হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে তেজগাঁও, মেঘনাঘাট এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এ তিনটি আউটলেট চালু করা হয়েছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআই-এর চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের নগরজীবন দ্রুত বদলাচ্ছে এবং ব্যস্ত মানুষের কেনাকাটার ধরনও পরিবর্তিত হচ্ছে। আমরা চাই, প্রতিদিনের যাত্রাপথেই গ্রাহকরা যেন সহজে, দ্রুত এবং মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন। ‘ফ্রেশ সুপার মার্ট’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি আধুনিক উদ্যোগ, যা দেশের রিটেইল খাতে নতুন মানদণ্ড তৈরি করবে।
তিনি আরও বলেন, এমজিআই ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘরে ঘরে মানসম্মত পণ্যের বিশ্বস্ত নাম। গ্রাহকদের হাতে সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
দেশের খুচরা বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, বাংলাদেশে আধুনিক সুপারশপ ও ব্র্যান্ডভিত্তিক রিটেইল শপ এখনও মোট বাজারের পাঁচ শতাংশেরও কম। উন্নত দেশগুলোতে এর উপস্থিতি অনেক বেশি। আমরা সেই ব্যবধান কমাতে কাজ করছি। প্রাথমিকভাবে সারাদেশে আরও ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের বিদ্যমান বড়ো সুপারশপগুলোর তুলনায় ‘ফ্রেশ সুপার মার্ট’ ভিন্ন ধারণা নিয়ে এসেছে। টোকিও, সিউল বা সিঙ্গাপুরের মতো ব্যস্ত শহরের মডেল অনুসরণ করে মানুষের যাতায়াতের পথেই প্রয়োজনীয় কেনাকাটার সুবিধা দিতে এই ছোট পরিসরের আউটলেটগুলো গড়ে তোলা হয়েছে। বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত রুট সম্প্রসারণের পর এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। ফলে এই আউটলেটগুলো প্রতিদিন লাখো যাত্রীর দৈনন্দিন কেনাকাটা সহজ করবে।
প্রতিটি আউটলেটে দুগ্ধজাত ও হিমায়িত খাদ্যপণ্য, নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, গৃহস্থালি সামগ্রী, কসমেটিকস এবং ওভার-দ্য-কাউন্টার ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি ভেতরের ক্যাফেতে কফি ও স্ন্যাকস উপভোগের সুযোগ থাকবে। এখানে ফ্রেশ ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি দেশি-বিদেশি অন্য ব্র্যান্ডের পণ্যও মিলবে।
আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি গ্লোবাল রির্সাচের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে এবং ২০৩১ সাল পর্যন্ত দেশের খুচরা বাজার গড়ে সাত দশমিক তিন শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে। এমন এক সম্ভাবনাময় সময়েই দেশের আধুনিক রিটেইল খাতে বড়ো বিনিয়োগ নিয়ে এলো এমজিআই।