কৃষি-কৃষক বাঁচাতে পর্যাপ্ত ভর্তুকির দাবি মির্জা ফখরুলের

বাংলাদেশের সবচেয়ে সফল ও ইতিবাচক খাত হওয়া সত্ত্বেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কৃষি এখন আর কেবল লাভজনক পেশা নয় উল্লেখ করে এই খাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে এক অভূতপূর্ব পরিবর্তনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন এবং সরকারের এসব উন্নয়ন কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমবায় মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি খাতের অর্জনের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক এবং সফল সেক্টর হলো কৃষি। এর মতো ধারাবাহিক ও দৃশ্যমান সাফল্য অন্য কোনো খাতে আসেনি। তবে বিশ্ববাজার ও উৎপাদন খরচের তুলনায় কৃষি এখন আর কেবল লাভজনক পেশা নয়; এটি টিকিয়ে রাখতে এবং কৃষকদের বাঁচাতে এই খাতে পর্যাপ্ত ভর্তুকি দিতে হবে।

বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এ সময় তিনি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাজের পরিবেশ উন্নত করার ওপর জোর দেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলার বাইরে বদলি না করার পাশাপাশি তাদের যাতায়াত সহজ করতে মোটরবাইক সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

আলোচনা সভায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষিবিদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিপ্লোমা কৃষিবিদদের অবদান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।