একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীকে শেষ বিদায়

কেন্দ্রীয় শহীদ মিনারে মৃত্তিকার কবি আল মুজাহিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলা একাডেমির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে কবির মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, যেখানে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী শুক্রবার (১৯ জুন) দুপুর ১.৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 

প্রেম, জীবন ও মৃত্তিকা আল মুজাহিদীর কবিতার মূল বিষয়। কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ ও শিশু-কিশোর মিলিয়ে তার গ্রন্থসংখ্যা প্রায় একশ’। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক’ ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘‎কবি জসীমউদ্দীন পুরস্কার’, ‎‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘‎শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘বাসাসপ কাব্যরত্ন পদকসহ বহু পুরস্কার পেয়েছেন।

দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১লা জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন।