ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়তে ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা

দেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়তে প্রকৃতি রক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে, ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ 'গ্রীন সিটি' হিসেবে রূপান্তর করতে নাগরিক সচেতনতার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকাশক আব্দুস সালাম। 

ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এখন থেকে প্রতি মাসের শেষ শনিবার নগরবাসীকে সঙ্গে নিয়ে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে বলেও জানান তিনি। 

‎শনিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবে টেকসই উন্নয়ন আন্দোলনের এক সেমিনারে তিনি এসব কথা জানান।  

আব্দুস সালাম বলেন, ঢাকার পরিবেশ সুরক্ষায় এখন আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‎​পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 

ডিএসসিসি প্রকাশক নগরবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, যা যা সহযোগিতা লাগে তা করা হবে। ​

এসময় শহরে যত্রতত্র হকার বসা এবং পলিথিন ফেলে ড্রেন বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

‎​এছাড়া, নাগরিকদের ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করতে প্রতি বছর সেরা ১০ জন ছাদ চাষিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন ডিএসসিসি প্রকাশক।