সামনের দিনগুলোতে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের সবগুলো নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারপ্রধানও এমন একটি ব্যবস্থা তৈরি করতে চান যেখানে নগরবাসী নিজেদের শহর পরিষ্কার রাখতে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হবেন। তবে এই লক্ষ্য অর্জনে সরকার একা নয়, সিটি করপোরেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এক হয়ে কাজ করতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘমেয়াদি টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থানীয় প্রশাসনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, সবার আগে আমাদের চিন্তা করতে হবে—আমরা সিটি করপোরেশনকে নগর সরকার হিসেবে রূপান্তর করতে চাই। এটি করা গেলে স্থানীয় কর্তৃপক্ষগুলো নিজেরাই স্বাধীনভাবে নগর পরিচ্ছন্ন রাখার যাবতীয় ব্যবস্থা ও সিদ্ধান্ত নিতে পারবে। সরকারপ্রধানও এই ধরনের একটি উদ্যোগ চান।
নাগরিক সচেতনতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্জ্যের পরিমাণও বাড়ছে। কিন্তু পরিচ্ছন্নতার প্রশ্নে আমরা এখনো পুরোপুরি সচেতন বা সভ্য আচরণে অভ্যস্ত হতে পারিনি। এই ধারণা মানুষের মধ্যে তৈরি করতে হবে। সেনানিবাস এলাকায় প্রবেশকালে নাগরিকেরা যেভাবে নিয়ম মেনে চলেন, আমরা পুরো নগর জুড়েই ঠিক তেমন নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চাই।
এই সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার আহবান জানিয়ে তিনি বলেন, স্কুলগুলোতেই পরিচ্ছন্নতার বিষয়ে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
ঢাকার বর্জ্য ও দূষণ সমস্যাকে দীর্ঘকালের পুঞ্জীভূত সমস্যা হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, একেবারে পুরো ঢাকাকে এখনই পরিচ্ছন্ন করার মতো অবস্থায় আমরা নেই। এতো সহজে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয়ে যায় না। এখানে বিশাল কিছু প্রাতিষ্ঠানিক ও সামাজিক বাধা রয়েছে। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে একটি সুন্দর নগর গঠনে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও জানান, নতুন করে দেশ গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে, সেই ধারা বজায় রাখতে সরকারপ্রধানের পরিকল্পনা ও চিন্তাকে এগিয়ে নিতে হবে। ঢাকার চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে সরকারপ্রধানের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, শহরের অনেক খাল রয়েছে যেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে এবং সেখানে অনবরত ময়লা ফেলার যে প্রক্রিয়া চলছে, তা কঠোরভাবে বন্ধ করতে হবে।