শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অবরোধের জেরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক বার্তায় নাগরিকদের এই ট্রাফিক আপডেট জানিয়েছে।
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয়ের অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা।
- মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে নেমেছে শিক্ষার্থীরা।
- সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
- উত্তরা থেকে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেছে।
‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা।
ডিএমপি জানায়, সড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ সারি ইতিমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যাত্রীরা।
পরিস্থিতি বিবেচনা করে সম্মানিত নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সড়কগুলোতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।