রাজধানীর মতিঝিল থানার একটি চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা ওরফে বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাবি করা হচ্ছে, সুব্রতর অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক ছিলেনবাপ্পি।
শুক্রবার (১৭ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে
ডিবি সূত্র জানায়, তানিম রেজা ওরফে বাপ্পি দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে কাজ করে আসছিলেন। একই সঙ্গে সুব্রত বাইনের নিয়ন্ত্রণাধীন অস্ত্রভাণ্ডার ও এর সরবরাহ লাইনের অন্যতম দেখভালকারী ছিলেন তিনি। মতিঝিল থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলার তদন্ত করতে গিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।