সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে এগোতে চাই: মির্জা ফখরুল

চীন, ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ করা জরুরি, তাই সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে হবে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘লং লিভ বাংলাদেশ-চায়না’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুই দেশের এই সম্পর্ক কেউ ক্ষুণ্ন করতে পারবে না। বিএনপি সরকারের প্রতিটি সময়েই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশ ও চীনের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সৃষ্টির পর চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনও চীনের সঙ্গে বিএনপির সুসম্পর্ক ছিলো। চীন একটি বিশাল উন্নত দেশ। তাদের সঙ্গে কাজ করে যদি আমরা লাভবান হতে পারি, তবে তা আমাদের দেশের জন্য একটি বিশাল সুযোগ ও বড়ো বিষয় হবে। আমরা চীনের সঙ্গে যেকোনো কাজে নিরাপদ বোধ করি।

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অবস্থানের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বে বাংলাদেশকে আবারও নতুন করে তুলে ধরতে চাচ্ছেন। এই লক্ষ্য অর্জনে চীনের সঙ্গে সম্পর্কের ভূমিকা অনেক বড়ো। বর্তমানে ভূরাজনীতির চেয়ে অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সরকার বেশি সোচ্চার।

মির্জা ফখরুল আরও বলেন, গোটা পৃথিবীতেই দুর্বল দেশগুলো বাধ্য হয়ে চীনের সঙ্গে যুক্ত হচ্ছে। চীনের রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির তেমন পার্থক্য নেই। তবে দেশের স্বার্থ রক্ষায় সরকার সব দেশের সঙ্গেই অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে।