মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান এই সমস্যা সমাধানে দেশীয় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে সিটি করপোরেশনগুলোকে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োগ চালানোর আহবান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় গবেষণায় নতুন উদ্ভাবিত রাসায়নিক ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের যে প্রযুক্তির কথা উঠে আসছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। সিটি করপোরেশনগুলো যদি এই নতুন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে, তবে উদ্ভাবক ও ঢাকার স্থানীয় সরকার সংস্থাগুলোর এই যৌথ প্রয়াস সফল হবে।
তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের এই বর্তমান সময়ে মশার লার্ভা ধ্বংস করাই হওয়া উচিত প্রধান কৌশলগত কাজ।
চলতি মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে মশার বংশবৃদ্ধি রোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ গবেষকদের তৈরি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি মশা দমনে নতুন দিক উন্মোচন করতে পারে।
এ লক্ষে সিটি করপোরেশনগুলোকে প্রথাগত পদ্ধতির বাইরে এসে নতুন উদ্ভাবিত প্রযুক্তির সঠিক মূল্যায়নের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তির উদ্ভাবক, তরুণ গবেষক, প্রকৌশলী এবং পরিবেশবিদরা মশা নিয়ন্ত্রণের বিভিন্ন আধুনিক ও কার্যকর রূপরেখা তুলে ধরেন।