ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করার দেড় মাসের মাথায় সেই আদেশ প্রত্যাহার করে নিলো সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিলকৃত আপিল ও অধিকতর বিবরণীর বিষয়ে তদন্ত কমিটিকে সরজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছিল। তদন্ত কমিটির সরজমিনে পরিদর্শনের দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।
হাসপাতালটি পুনরায় চালুর ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হয়েছে-
১. ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত কোরবানি ঈদের ঠিক আগে, ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠলে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলে।
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১১ জুন এক সংবাদ সম্মেলনে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা জানান।