রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ বস্তুর কারণে সৃষ্টি হওয়া আতঙ্ক দূর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা-নিরীক্ষা শেষে সংস্থাটি জানিয়েছে, পরিত্যক্ত ব্যাগ বা বস্তায় কোনো বিস্ফোরক ছিলো না। তাই এটি নিয়ে কোনো ধরনের আতঙ্কিত না হতে নগরবাসীকে আহবান জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকালে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যজনক বা পরিত্যাক্ত বস্তুর খবর ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ডিএমপির সংশ্লিষ্ট থানা-পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে। সেখানে ব্যাগভর্তি বোমাসদৃশ বস্তু থাকার তথ্যে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এক্স-রে পরীক্ষার মাধ্যমে ভেতরে একটি কৌটাসদৃশ কাঠামো দেখতে পায়। পরে প্রাতিষ্ঠানিক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে বিশেষ প্রযুক্তিতে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে ভেতরে তল্লাশি চালিয়ে শুধু জর্দার কৌটা ও পান পাওয়া যায়।
অন্যদিকে, ফার্মগেট এলাকায় থাকা অন্য একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হলে ফায়ার সার্ভিস ও বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি হ্যান্ড এন্ট্রির মাধ্যমে খুলে পরীক্ষা করে। তাতেও কোনো ধরণের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু মেলেনি।
নগরবাসীর নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এক বার্তায় বলেন, পরীক্ষা শেষে দুটির কোনোটিতেই কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।