জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগা যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগা যমজ দুই শিশুদের দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগা যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয়ে থেকে বহন করা হবে। শিশু দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা ও ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ মন্ত্রণালয় বহন করবে।

এর আগে, রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শিশু দুটির বাবা নাহিদ হাসানকে ফোন করে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসতে বলেন। 

জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান। গত ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়।