বিকেলে মুক্তিযুদ্ধ যাদুঘরে উপল বখত স্মরণসভা

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং নব্বইয়ে স্বৈরশাসক এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচিত মুখ সৈয়দ উপল বখতের স্মরণে এক বিশেষ শোক ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।  

শনিবার বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

গত ৩ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অকালে ও আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই হঠাৎ প্রয়াণে রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক-ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব, সুহৃদ ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

ছাত্র রাজনৈতিক জীবনের সমাপ্তির পর সৈয়দ উপল বখত মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রীড়া সংগঠন এবং নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আশির দশক ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠপর্যায়ের অন্যতম কান্ডারি হিসেবে তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই তাঁর সাবেক সহযোদ্ধারা এই উদ্যোগ গ্রহণ করেছেন।

স্মরণসভাটিতে আশি ও নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তৎকালীন সাবেক ছাত্র নেতা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি সৈয়দ উপল বখতের বৈচিত্র্যময় জীবন ও নানামুখী সামাজিক কর্মের সাথে যুক্ত সহকর্মী, শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থেকে তাঁর স্মৃতিচারণ করবেন এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।