ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন ও তার স্বামী।

শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ওই হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়।

এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।