বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি জানান, ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী আট থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের সঙ্গে আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দিন আগে জুবায়েরপন্থিদের সঙ্গে কথা হয়েছে এবং আজ সাদপন্থিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছে। সবার সঙ্গে আলোচনার পর ইজতেমার এই দুই পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাদপন্থিদের দাবির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, জুবায়েরপন্থিদের দুই পর্বের যৌক্তিক সময় পার হওয়ার পর রমজান মাসের আগে অথবা দুই পর্ব শুরু হওয়ার আগেই অর্থাৎ নভেম্বর মাসে এক পর্বে ইজতেমা আয়োজন করতে চায় সাদ সমর্থকেরা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের জানানো হয়েছে যে, অন্য পক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা উভয় পক্ষকে নিজেদের মধ্যে সমঝোতায় আসার আহবান জানিয়েছি।
মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত ভিসা নীতি অনুসরণ করে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি তদারকি ও মূল্যায়ন করবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখনো পৌঁছাতে পারেনি। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র অনেক ভালো। ছিনতাইয়ের প্রবণতা কমেছে।
তিনি জানান,পুলিশের ভেতরে যারা সরকারকে অসহযোগিতা করছে তাদের শনাক্ত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু আছে।
দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আরো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হবে, যোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী।