একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের ওপর ভিত্তি করেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই তাদের সার্বিক কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এই প্রসঙ্গে তিনি শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রাকে টার্গেট বানিয়ে কোনো শ্রম সংগঠন যেন উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি না করে। কোনো দাবি-দাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জন্য ন্যায়বিচার, নিরাপত্তা ও উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, শ্রমজীবী মানুষের সার্বিক অধিকার রক্ষায় সরকার খুব দ্রুতই বেশ কিছু যুগোপযোগী ও শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে।
মাহাদী আমিন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাদের মৌলিক প্রাপ্য অধিকার। সরকার এই অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।