আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘ডেঙ্গু অ্যাকশন প্ল্যান’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সেমিনারে ড. আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলেও কেবল চিকিৎসা বা প্রযুক্তির ওপর নির্ভর করে এই রোগ প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও কার্যকর মাঠপর্যায়ের প্রতিরোধ ব্যবস্থা।
ডেঙ্গুর উৎপত্তি ও বিস্তারের মূল কারণ চিহ্নিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অতীতে ডেঙ্গু পরিস্থিতির ইতিহাস ও অভিজ্ঞতা ভালোভাবে পর্যালোচনা করে কার্যকর ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করতে হবে। অতীতের শিক্ষা কাজে লাগালে সঠিক পরিকল্পনা করা সহজ হবে।
ডেঙ্গু নিরাময় ও প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।
সেমিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সচেতন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সব মন্ত্রীদের কাজ করার আহবান জানিয়েছেন তিনি।