রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তাসফিয়া আহমেদ তিশা (৩১)। তিনি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিশার বাড়ি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাসফিয়া রাস্তা পার হওয়ার সময় ‘রমজান পরিবহন’-এর একটি বাস তাকে সজোৰে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে আসা ‘সাড়া পরিবহন’-এর আরেকটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ওনয় জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই ওনয় আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাস দুটিকে জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বাসের চালক ও অপর বাসের সহকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।