রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

এসব সংঘাতময় পরিস্থিতির পর অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর আনসার ক্যাম্পের সামনে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, জমজম টাওয়ারের সামনের বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছিল।

Bus Fire 01
এছাড়া রাত ৮টার দিকে বাড্ডা এলাকায় আরও একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আলাদা এসব অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ের সামাদ মার্কেটের সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পথচারী রিকশাধারী বিল্লাল আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এই হামলার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রতিটি দুর্ঘটনাস্থল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে।

একই সাথে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশের সমন্বয়ে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কড়া তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।