রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পল্লবী থানার এসআই লিয়াকত হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন নির্ধারণ করেন।
এদিকে আজ এ মামলায় গ্রেপ্তার মনির ও শান্ত নামে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সরকারি বার্তা সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ প্রধান সড়কে ইস্টার্ন ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র শিকড় পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৯৩২৩ বাসটিতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে নাশকতা ও ভীতি সৃষ্টি করে জননিরাপত্তা বিপন্ন করার জন্য জনসাধারণের পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির হীন উদ্দেশ্যে সরকারবিরোধী নিষিদ্ধ সংগঠনের স্বার্থান্বেষী কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে।