ঢাকায় কিছু বাসে বেশি ভাড়ার অভিযোগ, চার্ট না থাকায় ভোগান্তি ও ঝগড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক ভাড়া নিয়ে অন্ধকারে আছেন, তেমনি নির্ধারিত ভাড়া চাওয়া নিয়ে চালক-সহকারীদের সঙ্গে যাত্রীদের প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে। আবার কোনো কোনো বাসে পাঁচ থেকে ১০ টাকা ভাড়া বেশি নেওয়ারও অভিযোগ করেছেন যাত্রীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় একাধিক গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা গেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজধানীতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৭ পয়সা বাড়ায় সরকার। কিন্তু নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে শুরু থেকেই দেখা দিয়েছে নানা অসঙ্গতি। সরেজমিনে অধিকাংশ বাসেই সরকার নির্ধারিত নতুন ভাড়ার চার্ট টানাতে দেখা যায়নি।

পরিবহনকর্মীদের অভিযোগ, ভাড়ার চার্ট না থাকায় যাত্রীরা নতুন নির্ধারিত ভাড়া মেনে নিতে চান না। ফার্মগেট এলাকায় এক বাসের সহকারী জানান, সরকার নির্ধারিত বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা উল্টো তর্ক শুরু করেন। চার্ট না থাকায় তারা নির্ধারিত ভাড়া প্রমাণও করতে পারছেন না, ফলে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে ঝগড়া, এমনকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে।

অন্যদিকে, চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। কারওয়ান বাজার এলাকায় বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, নতুন ভাড়ার সুযোগ নিয়ে অনেক বাসে ইচ্ছেমতো অতিরিক্ত পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে। চার্ট না থাকার সুযোগে ওয়েলকাম, প্রজাপতি বা বিকল্পের মতো রুটের বাসগুলোতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

তবে ভিন্ন চিত্রও মিলেছে কিছু বাসে। কোনো কোনো যাত্রী জানান, চার্ট না থাকায় কিংবা গণ্ডগোল এড়াতে কিছু কিছু বাসে এখনো আগের ভাড়াই নিচ্ছেন সহকারীরা।

যাত্রীরা বলছেন, নতুন ভাড়া কার্যকরের সঙ্গে সঙ্গেই প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টানানো বাধ্যতামূলক করা উচিত ছিলো। তাদের অভিযাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারির অভাবেই প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।