জাপানে কর্মসংস্থান বাড়াতে ভাষা শেখার তাগিদ মঈন খানের

জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে উদীয়মান জাপানি বাজারে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগাতে তরুণ প্রজন্মকে জাপানি ভাষা শেখার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন তিনি।   

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ সহজতর করার লক্ষ্য নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ড. আব্দুল মঈন খান বলেন, জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক নয়, এটি গভীর বন্ধুত্বের। এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর করতে হলে দুই দেশের মধ্যবর্তী আন্তরিকতা বৃদ্ধি করতে হবে। জাপানে বাংলাদেশি কর্মীদের বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তবে সেই সুযোগ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে তাদের ভাষার দক্ষতা অর্জন করা জরুরি।

দুই দেশের শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোর তুলনামূলক প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও জাপানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এক নয়। দুই দেশের গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যেও কাঠামোগত পার্থক্য রয়েছে।   কর্মসংস্থান বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং প্রশিক্ষণ ব্যবস্থা আরও সহজ ও আন্তর্জাতিক মানের করার ওপর জোর দেন তিনি। 

অনুষ্ঠানে অন্য বক্তারাও জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ও জাপানি ভাষা শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।