ঢাকায় কাভার্ডভ্যানের চাপায় বাইক চালক ও বিদেশি শিক্ষক নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বনানী থানাধীন আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্স এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—রাইড শেয়ারিং চালক মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)। নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তরিক উল্লাহর ছেলে। অন্যদিকে মাইকেল রাজধানীর মিরপুর-২ নম্বরের জনতা হাউজিং এলাকায় বসবাস করতেন এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, শুক্রবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘আলোকি ওয়াও ফেস্ট’ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মাইকেল। এ সময় তার নিজস্ব মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সহকর্মী ফারহানার মোবাইল থেকে উবার অ্যাপের মাধ্যমে একটি মোটরসাইকেল কল করেন।

পরবর্তী সময়ে খালেদ সাইফুল্লাহর মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফেরার পথে বনানীর আমতলী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। কাকলীগামী একটি দ্রুতগতির ও বেপরোয়া কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত আনুমানিক একটার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।