রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জনকে, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যাক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা ও ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।