রাজধানীর মিরপুর-১ -এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
এর আগে শনিবারও আক্রান্ত টিকাদান কেন্দ্র পরিদর্শনে যান তিনি। বলেছিলেন, কোনোভাবেই চলমান টিকাদান কর্মসূচি ব্যাহত হতে দেওয়া যাবে না। দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিয়মিত টিকাদান সেবা পেতে পারেন।
এদিকে, দুর্বৃত্তদের হামলার পর ধ্বংসস্তূপের মাঝেই টিকাদান ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কর্মকর্তা ও কর্মীরা।
গত দুই দিন বাইরে থেকে স্বল্প পরিসরে এই কার্যক্রম চালালেও সোমবার থেকে ভেতরে শুরু হয়েছে কার্যক্রম।
অন্যদিকে, রোববার বিকেল থেকেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এমসিএইচ-এফপি সেন্টারের ভেতরে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কার করে সেটিকে ব্যবহার উপযোগী করার কার্যক্রম শুরু করা হয়।
এ সময় ভবনটি পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
গেলো বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রে সজ্জিত ২০০ জনেরও বেশি মুখোশধারী ব্যক্তি সেখানে হানা দেয় এবং দুই নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ফেলে।
অভিযোগ রয়েছে, ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার আগে হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।