রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৯, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১০৬, গুলশানে ৪২ এবং উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে দুজন ও সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।