রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও সকালে পথচলতি মানুষ ও নিত্যযাত্রীদের জন্য ভোগান্তি তৈরি করেছে।
সকালের এই বৃষ্টিতে রাজধানীর একাধিক নিচু এলাকা ও প্রধান সড়কে পানি জমে গেছে। বিশেষ করে গ্রিন রোড এবং নিউমার্কেটের সামনের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, প্রকৃতি থেকে বর্ষার মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় চলে এসেছে। বিদায়লগ্নে বায়ুর গতিপ্রকৃতি কিছুটা বিশৃঙ্খলা বা এলোমেলো অবস্থায় থাকে, যার ফলে স্থানীয়ভাবে মেঘ জমাট বেঁধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার রাজধানীতেও মূলত এই কারণেই ঝরছে বৃষ্টি। আবহাওয়াবিদদের ধারণা, আজ সারাদিন জুড়েই ঢাকার আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি আবার মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানান, আজ দেশের সিলেট বিভাগে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও ভালো বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও রাজশাহী ও রংপুর বিভাগ আজ প্রায় বৃষ্টিহীন থাকতে পারে।
উল্লেখ্য, গত চার দিন ধরে সারা দেশেই তীব্র গরম অনুভূত হচ্ছিল। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, আজকের এই বৃষ্টির পেছনে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব নেই; এটি কেবলই মৌসুমি বায়ুর স্বাভাবিক বিদায়কালীন আচরণের ফল।