হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৫ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতীতের ভুলভ্রান্তি ও গাফিলতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিমানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এখানে বিরাট আগুনের ঘটনা ঘটেছিলো, যা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলো। সে কারণেই বর্তমান সরকার বিমানবন্দরে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছে।
গত বছরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঠিক সময়ে অগ্নিনির্বাপণ করা সম্ভব হয়নি। ওই দুর্ঘটনায় দায়িত্ব পালনে চরম অবহেলা দেখা গেছে। তবে আজকের এই কার্যকর মহড়া প্রমাণ করছে যে, যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সঠিক দায়িত্ব পালন করতে প্রস্তুত।
অনুষ্ঠানে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত থেকে অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করেন।