রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জন আসামির বিরুদ্ধে এই যুক্তিতর্ক শুরু হয়।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
মামলার ১১ জন আসামির মধ্যে ৯ জনই বর্তমানে পলাতক রয়েছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন। অন্যদিকে, বর্তমানে কারাগারে রয়েছেন দুই আসামি— যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসান ও সাবেক উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত আলী।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত অপরাধের ঘটনায় দায়ের করা আলাদা মামলার বিচারকাজও ট্রাইব্যুনালে গড়িয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সোমবার এই মামলার দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।