শিশু চোর সন্দেহে গণপিটুনি, ভারসাম্যহীন যুবক নিহত

রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

বুধবার মধ্যরাতে হাসপাতালের ভেতরেই পিটুনির শিকার হন তিনি। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে শিশু চোর সন্দেহে একদল লোক আলম শেখের ওপর চড়াও হয় এবং তাঁকে এলোপাতাড়ি মারধর করে।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ঘটনার পরপরই নিহত আলম শেখের পরিচয় শনাক্ত করে নাটোরে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত আলম শেখ কোনো অপরাধী বা চোর ছিলেন না; তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এর আগে ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন।

এক মানসিক অসুস্থ মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তাঁর পরিবার। স্বজনেরা নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন এবং পৌঁছানোর পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও হত্যা মামলা দায়ের করবেন বলে পুলিশকে নিশ্চিত করেছেন।

এদিকে চাঞ্চল্যকর এই পিটিয়ে হত্যার ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে।