ঢাকাবাসীর পানির ভোগান্তি নিরসনে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) পদ থেকে সরিয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে এক ঝটিকা সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়াসা পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করার পরও পর্যাপ্ত ও সুপেয় পানি পাবেন না—তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেবা নিশ্চিত করতে ওয়াসা বোর্ডগুলো বিলুপ্ত করার উদ্দেশে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
নগরীর পানি সঙ্কট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে মীর শাহে আলম বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি নদীর পানি দূষণমুক্ত করা এবং দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের পাইপলাইন সংযোগের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। এছাড়া পূর্বাচল এলাকায় দ্রুত পানির নেটওয়ার্ক চালু করা এবং ওয়াসার বিদ্যমান জনবল কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাজের পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, ঢাকাবাসীর সেবায় ওয়াসাকে একটি শতভাগ দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। কোনো ধরনের দলবাজি কিংবা সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের দরুন নগরবাসীর সেবা বিঘ্নিত হলে বা কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।