ঢাকায় ভরদুপুরে ধাওয়া দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার ছয় নম্বর গলিতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম বিপ্লব (২৬)। তিনি শহীদ নগর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান জানান, দুপুরে শহীদনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে ধাওয়া করে। এ সময় ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধরে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।