হাইকোর্টে আবারও জামিন জালিয়াতি: তিন আইনজীবীকে নিষেধাজ্ঞা

হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই তিন আইনজীবী হলেন—আন্না খানম, এস এম আব্দুল বাতেন ও মো. রহিমউদ্দিন। এছাড়া মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল এমদাদুল হানিফ সাংবাদিকদের জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে আদালতে তিনটি আলাদা জামিন আবেদন দাখিল করা হয়েছিলো। এর মধ্যে জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে একজনের জামিনও করিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে এই কঠোর পদক্ষেপ নেন।