আসল অপরাধী কানাডায়, নিরাপরাধ আলমাসের কারামুক্তির আদেশ

নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশের রায় দেন।

রায় শেষে আলমাসের আইনজীবী তানভির হাসান জানান, ভূক্তভোগী আলমাস বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এবং আজই তার মুক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, এই নিরপরাধ ব্যক্তির অন্যায্য কারাবাসের কারণে ক্ষতিপূরণ বাবদ পাঁচ কোটি টাকা দেওয়ার বিষয়ে আদালত রুল জারি করেছেন। মুক্তির পর ভুক্তভোগী আলমাসের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় দুই যুগ আগের এক অস্ত্র মামলায় আদালত মো. আলমাছ নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে সেই সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়ে গত এক বছর ধরে কারাগারে দিন কাটাচ্ছেন মো. আলমাস নামের সম্পূর্ণ ভিন্ন ও নিরপরাধ এক ব্যক্তি, যিনি উক্ত মামলার আসামিই নন।

অনুসন্ধানে জানা যায়, প্রকৃত দণ্ডিত আসামি মো. আলমাছ দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। মূলত নামের মিল, বাবার নামের আংশিক সাদৃশ্য এবং ঠিকানা সংক্রান্ত ভুলের সুযোগেই একজন নিরপরাধ মানুষকে এই দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে।