ব্যাটারিচালিত রিকশার সুনির্দিষ্ট নিবন্ধন, পুলিশি হয়রানি বন্ধ এবং রাজধানীর সড়কে অবাধে চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক জড়ো হয়ে এসব দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে চালকরা অভিযোগ করেন, পরিবার-পরিজনের জীবিকার তাগিদে তারা ব্যাটারিচালিত রিকশা চালালেও প্রতিনিয়ত পুলিশের বাধা ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন সময় রিকশা জব্দ করা এবং চলাচলে সরাসরি বাধা দেওয়ায় তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বিক্ষোভকালে চালকরা সরকারের কাছে মূল তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত সুনির্দিষ্ট নিবন্ধন ও নীতিমালা প্রণয়ন করা; সড়কে অযাচিত পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করা এবং নির্ধারিত নিয়মের আওতায় এনে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিক চলাচলের সুযোগ তৈরি করা।
আন্দোলনকারীরা বলেন, বিকল্প কোনো কর্মসংস্থানের সুযোগ না সৃষ্টি করে হঠাৎ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মধ্যে পড়েছেন। সমস্যা সমাধানের লক্ষ্যে তারা অবিলম্বে সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।