রাজধানীতে ‘নভেম্বর রেইন’, বাড়ছে শীতের আমেজ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানোর সঙ্গে ঝুম বৃষ্টির স্পর্শে পথঘাট ভিজে ওঠে। বৃষ্টি হওয়ায় শুষ্ক ও ধূলায় আচ্ছন্ন নগরে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।

সন্ধ্যায় রাজধানীর পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান এবং ধানমন্ডিসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শীতের অনুভূতি ও আমেজ আরও বৃদ্ধি পাবে।

City Rain 1
বর্তমানে উত্তরাঞ্চলে শীতের প্রাথমিক পারদ নামতে শুরু করলেও দেশের অন্যান্য এলাকায় এখনই ভারী শীতের তীব্র প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল

আবহাওয়া অধিদপ্তরের ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট  বিভাগের দু-এক জায়গায় ছিটেফোঁটা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি নামতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এ সময় দেশের সর্বত্র রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতির দিকে থাকবে, যা মূলত হেমন্তের বিদায় ও শীতের আগমনের সংকেত দিচ্ছে।